জীবনী

আনিস চৌধুরী ও তাঁর সৃজনভুবন
আনিস চৌধুরীর লেখালেখির সূচনা সাতচল্লিশ-পূর্ব সময়ে। মূলত ছোটগল্পের জন্য খ্যাতিলাভ করলেও পরবর্তীকালে নাটক, উপন্যাস, অনুবাদ ও কলাম লেখায় সফল হয়েছিলেন। ষাটের দশকে ‘মানচিত্র’ নাটক তাঁকে নাট্যকার হিসেবে প্রভূত সাফল্য এনে দেয়। ৮ই এপ্রিল ১৯৫৬ সালে ‘মানচিত্র’করাচি কাটরক হলে প্রথম মঞ্চস্থ হয়। দেশে-বিদেশে নাটকটি বহুল অভিনীত হয়। ‘মানচিত্র’ নাটকের জন্য তিনি ১৯৬৯ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া বেতার ও টেলিভিশনের জন্য তাঁর লেখা নাটক সমাদৃত হয়। তিনি ‘বহুদর্শীর ডাইরি’, ‘ভবঘুরের রোজনামচা’, ‘পতেঙ্গার হাওয়া’, ‘উত্তম পুরুষের ডাইরি’, ‘ক্লিফটনের হাওয়া’ নামে বিভিন্ন দৈনিক ও সাময়িকীতে কলাম লিখতেন।
আনিস চৌধুরীর জন্ম ১৯২৯ সালে কলকাতায়। তাঁর পিতা নূরুল হুদা চৌধুরী, মা আসেমা খাতুন। তিনি ছিলেন সাত ভাইবোনের মধ্যে তৃতীয়। তাঁদের পিতৃনিবাস ছিল কুমিল্লা জেলার কসবা থানাধীন গোপীনাথপুর গ্রামে। মাতুলালয় ছিল পশ্চিমবাংলার মেদিনীপুর। ১৯৫৬ সালে আনিস চৌধুরী আসামের কাছাড় নিবাসী রাজিয়া মজুমদারের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। রাজিয়া চৌধুরী স্কুলে শিক্ষকতা করতেন। তাঁদের এক কন্যা।
আনিস চৌধুরীর পারিবারিক পরিমণ্ডলে সংস্কৃতিচর্চার উদার ও মুক্ত পরিবেশ আকৈশোর তাঁর মানস-গঠনে দূরস্পর্শী ভূমিকা রেখেছে। পরবর্তীকালে তাঁর জীবনচর্যায় ও সাহিত্যকর্মে পারিবারিক শিক্ষার প্রতিফলন ঘটে। কুমিল্লা, কলকাতা ও ঢাকায় আনিস চৌধুরীর শিক্ষাজীবন কেটেছে। কুমিল্লা জিলা স্কুল থেকে (মতান্তরে কলকাতা থেকে) ১৯৪৪ সালে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। স্কুলজীবনে কলকাতা থেকে প্রকাশিক ‘আজাদ’পত্রিকার মুকুলের মহফিলের সভ্য ছিলেন। সেখানেই তাঁর লেখালেখির শুরু। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে প্রথম বিভাগে এফ.এ. পাশের পর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর লেখাপড়া অসমাপ্ত রেখে তিনি পরিবারসহ ঢাকায় চলে আসেন। শিবপুরে তাঁর সতীর্থ ছিলেন ডা. এফ আর খান, ডা. ফারুক আজিজ খান, আল হোসেনী প্রমুখ। ঢাকায় এসে আনিস চৌধুরী বি.এসসি পাস কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৩ সালে স্নাতক হন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি ভাষা-আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। সে সময় হাসান হাফিজুর রহমান-সম্পাদিত একুশের সংকলনে তাঁর কবিতা প্রকাশিত হয়।
ছাত্রাবস্থায় ১৯৪৬-৪৭ সালে তিনি কলকাতা থেকে প্রকাশিত আবুল মনসুর আহমদ সম্পাদিত ‘ইত্তেহাদ’ পত্রিকায় সাব-এডিটরের দায়িত্ব পালন করেন। এ সময় সহকর্মী হিসেবে পেয়েছিলেন আহসান হাবীব, রোকনুজ্জামান খান দাদাভাই, খোন্দকার মোহাম্মদ ইলিয়াস, কাজী আনওয়ারুল ইসলাম প্রমুখকে।
‘অগত্যা’পত্রিকার সঙ্গে আনিস চৌধুরী সরাসরি যুক্ত ছিলেন। সেখানে তাঁর সহকর্মী ছিলেন ফজলে লোহানী, মুস্তাফা নূরউল ইসলাম, নাসিরুদ্দীন হায়দার। তাঁরা ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। পঞ্চাশের দশকের শুরুতে ঢাকায় ‘সংবাদ’ পত্রিকায় কাজ করার সময় প্রখ্যাত সাংবাদিক জহুর হোসেন চৌধুরীর নিবিড় সান্নিধ্য লাভ করেন আনিস চৌধুরী।
১৯৫৪ সালে আনিস চৌধুরী রেডিও পাকিস্তান ঢাকা শাখায় কারিগরি সহকারী পদে যোগদান করেন। এর দুই বছর পর রেডিওর বার্তা বিভাগে যুক্ত হন। ১৯৬৫ সালে বার্তা সম্প্রচার বিষয়ে কানাডায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। করাচিতে রেডিও পাকিস্তানে থাকা অবস্থায় একাত্তর সালে পরিবারসহ সেখানে আটকা পড়েন। ১৯৭৩ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান থেকে পালিয়ে দেশে প্রত্যাবর্তন করেন। ১৯৭৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসে প্রেস কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। দেশে ফিরে সরকারি চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করেন।
আনিস চৌধুরীর জীবৎকালে পাঁচটি উপন্যাস, তিনটি নাটক ও একটি গল্পসংকলন গ্রন্থিত হয়। তাঁর লেখা ১৪টি নাটক মঞ্চস্থ ও বেতার-টেলিভিশনে সম্প্রচারিত হয়। এছাড়া পত্র-পত্রিকা ও সাময়িকীতে বিভিন্ন সময়ে প্রায় ২০০ গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কলাম প্রকাশিত হয়েছে। তাঁর মৃত্যুর পর এ পর্যন্ত প্রকাশিত হয়েছে উপন্যাসসংগ্রহ, গল্পসংগ্রহ, নাটকসংগ্রহ এবং ১৮টি গল্পের ইংরেজি অনুবাদ। ২০২৫ সালে তাঁর চল্লিশের দশকের লেখালেখি নিয়ে ‘আনিস চৌধুরী: হয়ে ওঠার লেখাজোখা’ বইটি প্রকাশিত হয়।
মধ্যবিত্তের জীবনের আকাঙ্ক্ষা, স্বপ্ন ও আশাভঙ্গের বেদনা আনিস চৌধুরীর সৃষ্টির বিষয় হয়ে ওঠে। এছাড়া সমসাময়িক সমাজ-সংসারের ভুলত্রুটি তিনি তুলে ধরেছেন তাঁর নাটক, ছোটগল্প ও উপন্যাসে। সে-সময়ই তিনি দেখিয়েছেন নানা ঘাত-প্রতিঘাতের ফলে বদলে যেতে থাকা সমাজের ভঙ্গুর দশা। উচ্চ-মননের আনিস চৌধুরী মানুষের স্বাধীনতা ও মানবিক চেতনাকে সারাজীবন স্বাগত জানিয়েছেন। নারীমুক্তিতে ছিলেন আস্থাশীল। সত্যনিষ্ঠ ও নিরহংকারী এই মানুষটি ১৯৯০ সালের ২রা নভেম্বর একষট্টি বছর বয়সে ঢাকায় পরলোকগমন করেন।

Anis Choudhury: The Making of a Creative Mind
In the early years, Anis Choudhury gained fame as a short story writer. He was later successful as a playwright, novelist, translator, and columnist. His play Manchitra, written in the 1960s, brought him remarkable recognition as a dramatist. The play was first staged on 8 April 1956 at Katrak Hall in Karachi and was subsequently performed widely both at home and abroad. For this play, he received the Bangla Academy Award in 1969. He also wrote plays for radio and television, which were well received.
Anis contributed regular columns to newspapers and periodicals under titles such as Bohudarshir Diary, Bhoboghurer Rojnamcha, Patengar Hawa, Uttam Purusher Diary, and Cliftoner Hawa.
Anis Choudhury was born in 1929 in Kolkata to Nurul Huda Chowdhury and Asema Khatun. He was the third of seven siblings. His ancestral home was in the village of Gopinathpur under Kasba Thana in the Comilla district, while his maternal home was in Medinipur, West Bengal. In 1956, he married Razia Majumdar of Cachar, Assam, who was a schoolteacher. The couple had one daughter.
Anis grew up in a liberal and culturally vibrant family environment, which had a lasting influence on his intellectual and creative development. The values of that upbringing were reflected in his literary endeavours. Anis received his education in Comilla, Kolkata, and Dhaka. He passed his Matriculation examination in 1944 with a First Division from Comilla Zilla School (according to some accounts, from Kolkata). During his school years, he was a member of Mukul-er Mahfil, a youth section of the Azad newspaper published from Kolkata, where his writing career took root. After completing his F.A. from Kolkata, with a First Division, he enrolled at Shibpur Engineering College. Among his contemporaries at Shibpur were Dr. F. R. Khan, Dr. Farooq Aziz Khan, and Al Hossaini.
Following the Partition of 1947, Anis moved to Dhaka with his family. There, he completed his B.Sc. pass course from the University of Dhaka in 1953. During his years at Dhaka University, he became involved in the Language Movement, and one of his poems was subsequently published in the Ekushey Anthology edited by Hasan Hafizur Rahman.
In 1946–47, while still a student, Anis worked as a sub-editor for Ittehad, a newspaper edited by Abul Mansur Ahmad and published from Kolkata. There his colleagues were Ahsan Habib, Rokonuzzaman Khan Dadabhai, Khondker Mohammad Elias, and Kazi Anwarul Islam. Anis was closely associated with the magazine Agotya, where his co-workers included Fazle Lohani, Mustafa Nurul Islam, and Nasiruddin Haidar—who were also his close friends. In the early 1950s, while working at the Sangbad newspaper in Dhaka, he came into close contact with the eminent journalist Zahur Hossain Chowdhury.
In 1954, Anis Choudhury joined Radio Pakistan, Dhaka, as a technical assistant, and two years later he was transferred to the News Division. In 1965, he received advanced training in news broadcasting in Canada. During the Liberation War of 1971, while posted in Karachi, he and his family were trapped there. In February 1973, they escaped from Pakistan and returned home. From 1979 to 1985, Anis Choudhury served as Press Counsellor at the Bangladesh Embassy in Islamabad. He retired from government service upon his return to Dhaka.
During his lifetime, Anis Choudhury published five novels, three plays, and one collection of short stories. Fourteen of his plays were either staged or broadcast on radio and television. Around 200 of his short stories, novels, essays, and columns appeared in newspapers and journals. After his death, several collections of his novels, stories, and plays have been published, as well as English translations of 18 of his stories. In 2025, the book Anis Choudhury: Hoy-e Othar Lekha-jokha was published, focusing on his works from the 1940s.
Anis Choudhury’s writing often centred on the aspirations, dreams, and disappointments of the middle-class. His plays, short stories, and novels also exposed the flaws and contradictions of contemporary society, portraying its fragile state amid the shocks of social change. A man of refined intellect, Anis Choudhury was a lifelong believer in human freedom and dignity, and an advocate of women’s emancipation. Honest and unassuming by nature, he passed away in Dhaka on 2 November 1990, at the age of sixty-one.